বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ইমরুল কায়েস (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরুল কায়েস উপজেলার বথুয়াবাড়ি গ্রামের মোজাম ফকিরের ছেলে। আজ শনিবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বখাটের উত্যক্তের শিকার মেয়েটি ধুনট সদরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে প্রায় ৬ মাস ধরে বখাটে ইমরুল কায়েস প্রেম প্রস্তাব দেয়। কিন্ত প্রেমে সাড়া না পেয়ে রাস্তায় মেয়েটিকে উত্যক্ত করতো সে। 

মেয়েটির পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি বখাটের পরিবারকে জানানো হয়। এতে মেয়েটির উপর ক্ষুদ্ধ হয় ওই বখাটে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাইভেট পড়ে ধুনট কেন্দ্রীর মন্দিরের সামনের রাস্তায় পৌঁছায়। এ সময় ইমরুল মেয়েটির পথরোধ করে শরীর থেকে ওড়না কেড়ে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন মেয়েটির চিৎকারে তার সহপাঠিরা ঘটনাস্থলে আসলে সে কৌশলে পালিয়ে যায়। 

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার সহকারী পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।