রাষ্ট্রপতির নির্দেশ জারির মধ্য দিয়ে মোদির সরকার বাতিল করে দিল ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়েছিল। শুধু তা–ই নয়, জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই টুকরোও করে দেওয়া হলো। রাজ্য থেকে লাদাখকে বের করে তৈরি করা হলো নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চল, যার কোনো বিধানসভা থাকবে না। জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হলো। এখন থেকে তার পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। তবে তার বিধানসভা থাকবে। দুই কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালিত করবেন দুই লেফটেন্যান্ট গভর্নর।
সোমবার, তুমুল জল্পনার শেষে ভারতের রাজ্যসভায় ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করার প্রস্তাব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বিরোধীদের প্রবল বিরোধিতা ও হট্টগোলের মধ্যে ধারাটিকে বাতিল করতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হয়। প্রস্তাবটি কাশ্মীর সংরক্ষণ বিল নামে একটি বিল আকারে পেশ করা হয়। এই প্রস্তাবে রাষ্ট্রপতি সইও করেন।
কদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছিল কাশ্মীরকে ৩ ভাগে ভাগ করে দেওয়া হবে। সেই জল্পনাই কার্যত সত্যি হল। কাশ্মীরকে ৩ ভাগে ভাগ করা না হলেও দুটি পৃথকভাগে ভাগ করে দেওয়া হল। ফলে, কাশ্মীরের নিয়ন্ত্রণ সরাসরি নয়াদিল্লির হাতে থাকবে। যা এককথায় ঐতিহাসিক।
সীমান্তে উত্তেজনার পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে অভ্যন্তরের জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণেও অনেকটাই সুবিধা হবে বলে ধারণা ভারতের কেন্দ্রীয় সরকারের। জঙ্গি নিয়ন্ত্রণের জন্য আর কাশ্মীর সরকারের মুখাপেক্ষী থাকতে হবে না।
