কোরবানির চামড়া প্রক্রিয়াজাত করতে ৮২ হাজার টন লবণ লাগবে শিল্পসচিব আবদুল হালিম বলেছেন, পর্যাপ্ত মজুদ আছে, ঘাটতির আশঙ্কা নেই। গতকাল সাভারে চামড়া শিল্পনগরীর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী চামড়া সংরক্ষণের জন্য কোরবানির সময় তাৎক্ষণিকভাবে ৮২ হাজার টন লবণ প্রয়োজন হবে। বছরের বাকি সময়ের জন্য মোট ১ লাখ টন লবণ প্রয়োজন হবে।
শিল্প সচিব বলেন চাষি, মিল মালিক ও সরবরাহকারীদের কাছে বর্তমানে ৯ লাখ টন লবণ মজুদ আছে, যা দিয়ে সহজেই নভেম্বর পর্যন্ত লবণের সব চাহিদা পূরণ করা যাবে। নভেম্বর থেকে চাষিরা লবণ উৎপাদন শুরু করবেন। তাই লবণের কোনো ঘাটতি হবে না।
এ সময় জানানো হয়, সাধারণত প্রতিটি গরু বা মহিষের চামড়ায় সর্বোচ্চ ১০ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় ৫ কেজি লবণ লাগে। ঈদে ৪৫ লাখ ৫২ হাজার গরু-মহিষের ও ৭২ লাখ ছাগল- ভেড়ার চামড়া সংগ্রহ হবে। গরুর চামড়ার জন্য ৪৫ হাজার টন ও ছাগলের চামড়ার জন্য ৩৬ হাজার টন লবণের প্রয়োজন হবে।
