আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেছেন, ডেঙ্গু এখন উদ্বেগের কারণ। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে তিনব্যাপী পরিষ্কার-পরিছন্নতা অভিযান কর্মসূচি চালানো হবে। দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযানে অংশ নিতে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি দেয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে মশার কার্যকর ওষুধ ছিটানোর প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, এতোদিন কি তাহলে অকার্যকর ওষুধ ব্যবহরা করা হয়েছে? কাদের বলেন, অনেকদিন হয়ে যাওয়ায় মশার ওষুধ কার্যকর নাও থাকতে পারে। বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চিকিৎসার ঝামেলা না থাকলে প্রধানমন্ত্রীর বিদেশ থাকার কথা নয়।
বন্যা প্রসঙ্গে তিনি বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন অব্যহত থাকবে। যারা ঘর-বাড়ি হারিয়েছে তাদের ঘর- বাড়ি দেওয়া হবে। সব ধরণের সহযোগীতা করবে সরকার।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহ করেছে ও মদদ দিয়েছে তাদেরকে শোকজ এবং দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হবে। যাচাই বাছাই করে এসব ব্যবস্থা নেয়া হবে। বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, কারন কী? এমন প্রশ্নে তিনি বলেন, সরকার ও দলে কোনো সমন্বয়হীনতা নেই। যত ভয়াবহ পরিস্থিতি হোক না কেন আমরা মোকাবেলা করতে পারবো। প্রিয়া সাহা প্রসঙ্গে তিনি বলেন, প্রিয়া সাহা কারো না কারো উস্কানিতেই ট্রাম্পের কাছে অভিযোগ করছেন। তারা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। ফেরিঘাটে ভিআইপি বিড়ম্বনায় এক কিশোরের মত্যুর ঘটনা খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি বলেন,যারা দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না।

