চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। সে উপলক্ষে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে  আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও কমলাপুরসহ রাজধানীর ৫ স্থান থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। অনলাইনেও আজ সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ৭ আগস্টের টিকিট। বিকেল ৪টা পর্যন্ত একনাগারে টিকিট বিক্রি চলবে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, টিকিট পেতে রোববার (২৮ জুলাই) রাত থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বহু মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। সোমবার (২৯ জুলাই) সকালে টিকিটপ্রত্যাশীদের লাইন আরোও দীর্ঘ হয়েছে। তিনি আরোও জানান, অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম সুশৃংখলভাবে চালানোর জন্য রেলের পক্ষ থেকে  সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কমলাপুর স্টেশনে আটটি পুরুষ এবং একটি মহিলা কাউন্টার মিলিয়ে মোট নয়টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

জান যায়, কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হচ্ছে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হচ্ছে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট।