ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ১১ সদস্য বিশিষ্ট একটি সুপারিশ কমিটি গঠন করেছে ঢাবি। সোমবার বিকাল ৪.০০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিন্ডিকেট সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতটি সরকারি কলেজের অধিভুক্তি নিয়ে বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবীর সুষ্ঠু সমাধান কল্পে কার্যকর সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাবি উপাচার্য কর্তৃক গঠিত কমিটির এক সভা আগামী অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ঢাবি এবং সাত কলেজের উভয় সুসংবাদ পাবে বলে আশ্বাস দেন কেন্দ্রিয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানী। তিনি তার ফেসবুক টাইমলাইনে এ সংবাদ দেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে কমিটির আহবায়ক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর ড. আবদুস সামাদ।
কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. তোফায়েল আহমদ চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ঢাকা কলেজের অধ্যক্ষ, ইডেন কলেজের অধ্যক্ষ, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট), বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এর আগে ১৫ দিনের মধ্যে সাত কলেজের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এছাড়াও তিনি বলেছিলেন অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাত কলেজের অধিভুক্তি হয়েছে। তাই সাত কলেজের সুষ্ঠু সমাধান ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা হয় এই জন্য বৈজ্ঞানিক উপায়ে এটির সমাধান করা হবে।
এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার অধিভুক্ত সাত কলেজের শিক্ষাথীদের এক কমিটি গঠনকালে তারা এ ঘোষণা দেন।

