জুলাইয়ের শেষ সপ্তাহে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ জুলাই। তিনটি খেলাই হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে।
২৬ জুন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল পাঠানো হয় শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি দেখতে। ৩ দিন সবকিছু পর্যবেক্ষণ করে ২৯ জুন দেশে ফিরে তারা বিসিবির কাছে ইতিবাচক প্রতিবেদন দিলে সম্মত হয় বিসিবি।
গত এপ্রিলে শ্রীলঙ্কার চার্চ আর আবাসিক হোটেলে ভয়ানক বোমা হামলার পর দেশটিতে সফর করতে ভয় পাচ্ছে বিভিন্ন দেশের ক্রিকেট দলগুলো। বিশ্বকাপের পরেই বাংলাদেশের সফর। কিন্তু এই কারণেই বিসিবি সফরটি নিয়ে গড়িমসি করেছে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দেওয়ায় এবং বাংলাদেশি নিরাপত্তাদল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবুজ সংকেত দেওয়ায় সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) নিশ্চিত করেছে এই খবর।
