রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র হজ্ব নিয়ে প্রতারণা না করতে বাংলাদেশ হজ্ব এজেন্সি অ্যাসোসিয়েশনের (হাব) প্রতি আহ্বান জানিয়েছেন । গতকাল মঙ্গলবার রাজধানীর আশকোনায় হজ্ব ক্যাম্পে হজ্ব কর্মসূচি ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হজ্ব নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মনে রাখবেন, হাজিরা কারও দয়া বা অনুকম্পা নিয়ে সৌদি আরবে যান না। বরং আপনারা তাদের কাছ থেকে লাভবান হচ্ছেন। তাই হাজীদের সঙ্গে প্রতারণা করবেন না, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।
হজ্ব নিয়ে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা এজেন্সির বিরুদ্ধে কোনো প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকার দ্বিধা করবে না। হজের সময় পবিত্র মক্কা ও মদিনায় হাজীদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে হাজ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি মক্কায় পবিত্র কাবা শরিফে নামাজ আদায়কালে দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া করার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করবে। আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন। এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ৬ হাজার ৯২৩ জনসহ এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ করবেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
