ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার। দিনাজপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চালিয়ে আজ দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদে তার নিজস্ব কার্যালয় থেকে তাকে আটক করে। এই সময় ঘুষের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

উপজেলার বড় দল ও খুনিয়ার পুকুর সংস্কারে ৪০ লাখ টাকা বাজেট দেয় উপজেলা প্রশাসন। সেই কাজটি করেন ঠিকাদার সবুজ। তিনি ওই মৎস্য কর্মকর্তার কাছে পুকুর খননের বিল তোলার জন্য যান। সবুজ ইসলামের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন রেজাউল করিম। সবুজ তিন লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু রেজাউল করিম কিছুতেই বিল ছাড় করছিলেন না।

পরে সবুজ যোগাযোগ করেন দুদকে। দুদক ফাঁদ পাতে। দুদকের পরিকল্পনামাফিক আজ দুপুরে সেই ৫ লাখ টাকার কিছু অংশ ২০ হাজার টাকা দিতে মৎস্য কার্যালয়ে আসেন সবুজ। এসময় দুদকের টিম ওই মৎস্য কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে।