প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ। এ উপলক্ষে আগামী ডিসেম্বরে সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষও একইসঙ্গে উদযাপনের পরিকল্পনা রয়েছে তাদের।
৩ জুলাই, বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সরকারি তিতুমীর কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী ও সরকারি তিতুমীর কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক টিপু মুনশি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে রয়েছেন। দেশের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাবেক তিতুমীরিয়ানরা। তিতুমীরের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা যে যেখানে যে অবস্থানেই থাকেন না কেন, সবাই এখনও বুকের ভেতরে তিতুমীরের সবুজ চত্বরকে ধারণ ও লালন করেন।’
তিনি আরও বলেন, ‘দেখতে দেখতে এরইমধ্যে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান তিতুমীর কলেজ। তাই, সরকারি তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান করব। এছাড়াও আগামী বছর স্বাধীন বাংলাদেশের ৫০ বছর এবং এর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করতে চাই আমরা। তাই এক সাথে অনুষ্ঠান করার ইচ্ছা আছে। এই জন্য এ বছর ডিসেম্বর থেকে শুরু করে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ এই চার মাস বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যেদিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। সুবর্ণজয়ন্তীর সমাপনী মূল অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করার বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, শিক্ষাবান্ধব রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এ বিষয়ে আমাদের আমন্ত্রণে সদয় সম্মতি জ্ঞাপন করবেন।’
অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উপলক্ষে titumir.org নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন টিপু মুনশি। সুবর্ণজয়ন্তীর সব তথ্য এই ওয়েবসাইটে থাকবে এবং দেশ বিদেশের যেকোনও প্রান্ত থেকে সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা সুবর্ণজয়ন্তীর জন্য এই ওয়েবসাইটে তাদের নাম নিবন্ধন করতে পারবেন এবং এই অনুষ্ঠান সর্ম্পকে মতামত দিতে পারবে।
সংবাদ সম্মেলনে তিতুমীর কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন, এবিএম শামসুল হক, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য এবং সরকারি তিতুমীর কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সরকারি তিতুমীর কলেজ ৫০ বছর উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
