
তিন দিনের সরকারি সফরে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এই সময় স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর এ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি বিষয়ে কয়েকটি চুক্তি সই হতে যাচ্ছে।
দিনের শুরুতে রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। সেই সাথে তিনি সাভার ইপিজেড ও রাজধানীর মুগদায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। তারা নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, জনগণের সাথে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করতে পারেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠিত হবে। তার আগে তারা একান্তে আলাপ করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন। এরপরই রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
