চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং জানান, তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রাথমিক নিয়মকানুন লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৭২ সালে শাংহাই কমিউনিকে তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই চুক্তি সেই আমেরিকার সেই অবস্থানেরও পরিপন্থী বলে মন্তব্য করেন জেং শুয়াং। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষায় তাইওয়ানের সঙ্গে অস্ত্রচুক্তিতে জড়িত মার্কিন সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা বসাতে বাধ্য হব আমরা।’

গত শুক্রবার পেন্টাগনকে হুঁশিয়ারি দিয়ে চীনা কূটনীতিক ওয়াং ই বলেন, ‘আগুন নিয়ে খেলো না’। আর এ বার চীনের পররাষ্ট্র দপ্তর জানিয়ে দিল, অবিলম্বে বাতিল না করলে ওই চুক্তিতে নাম থাকা মার্কিন সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা বসানো হবে। শি জিং পিং সরকারের দাবি, এই চুক্তি চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকর।

সম্প্রতি তাইওয়ানের সঙ্গে ২২০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে মার্কিন সরকার। চলতি সপ্তাহের সোমবার তাতে অনুমোদন দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র বিভাগ। পরে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, চুক্তি অনুযায়ী ১০৮টি জেনারেল ডায়নামিকস কর্প এম১এ২টি আব্রামস ট্যাঙ্ক, রেথিওন সংস্থার তৈরি ২৫০টি স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম তাইওয়ানের হাতে তুলে দেওয়া হবে।