বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় এক বাস দুর্ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুপুরে সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ মন্দিরে যান নিহতরা। সেখান থেকে বাড়ি ফেরার পথে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন নারী। এ সময় সিলেটগামী রাসেল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়, এতে ঘটনাস্থলে নিহত হন তিন নারী।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘাতক বাসচালকের সহকারীকে আটক করা হয়েছে।
