আগামী ২৩ জুলাই ৪০ জন আইনজীবী বরগুনা যাবেন মিন্নির পক্ষে আদালতে শুনানির জন্য। এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ।

তিনি বলেন, আজ দুপুরে আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। সে সময় মিন্নির বাবা সাহায্য চান ইব্রাহিম খলিলের কাছে। ঢাকা থেকে আইনজীবী নিয়োগের জন্য অনুরোধ করেন তিনি। তার সেই অনুরোধের ভিত্তিতেই আমরা হাইকোর্ট ও জজকোর্ট মিলিয়ে ৪০ সদস্যের আইনজীবী টিম যাব বরগুনায়।

এ বিষয়ে আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল বলেন, ফোনে মোজাম্মেল হোসেনকে আইনি সহায়তা দেয়ার কথা বলায়, তিনি আবেগে আপ্লুত হয়ে আমাদের যেতে অনুরোধ করেন। আমরা আগামী ২৩ জুলাই বরগুনা আদালতে শুনানিতে যাব।

গত মঙ্গলবার গ্রেফতারের পর বুধবার আদালতে হাজির করা হয় রিফাত হত্যার প্রত্যক্ষদর্শী ও প্রধান সাক্ষী মিন্নিকে। এদিন তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ সময় এজলাসে মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। ওই দিন আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সঞ্জিব দাস। তিনি আদালতকে জানান, এ ঘটনায় আইনজীবীদের কেউ আসামিদের পক্ষে নিয়োগ না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ফলে মিন্নির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।