সামনেই মুক্তি ‘সুপার ৩০’-এর। তাই প্রচারের জন্য খুবই ব্যাস্ত অভিনেতা হৃত্তিক রোওশন। আর এ সবের মাঝেই জড়িয়ে গেলেন প্রতারণা মামলায়। ভারতের হায়দরাবাদের খ্যাতনামা এক শরীরচর্চা কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াতেই বিপত্তি ঘটল এই বলিউড অভিনেতার। ভুয়া প্রতিশ্রুতির অভিযোগ এনে তার বিরুদ্ধে হায়দরাবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শশীকান্ত নামে জনৈক ব্যক্তি হায়দরাবাদের কেপিএইচবি কলোনি থানায় এই মামলা দায়ের করেন। মূলত তিনি অভিযোগটি করেছেন কাল্ট ফিট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড নামে এক হায়দরাবাদের শরীরচর্চা কেন্দ্রের বিরুদ্ধে। ওই শরীরচর্চা কেন্দ্রেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃত্তিক। মামলা দায়ের হয়েছে জিমের আরও তিন উচ্চ পদস্থ কর্মীর বিরুদ্ধেও।

শশীকান্তের অভিযোগ, ওই জিমের সদস্য তিনি। নাম নথিভুক্ত করা সত্ত্বেও পছন্দসই স্লট পেতেন না তিনি।কারণ, জিমে যত জনকে পরিষেবা দেওয়া সম্ভব, তার চেয়ে বেশি সংখ্যক সদস্যকে সময় দেওয়া হত। তাতে বেশি টাকা খরচ করেও বঞ্চিত হতেন অনেক ভোক্তা। শশীকান্ত আরও জানান, প্রতিবাদ করায় তাকে সংশ্লিষ্ট শরীরচর্চা কেন্দ্রের বিশেষ অ্যাপও ব্যবহার করতে দেওয়া হয়নি।

স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, গত বছর ডিসেম্বরে ওই জিমে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা দিয়েছেন শশীকান্ত। কিন্তু প্যাকেজে উল্লেখ করা প্রতিশ্রুতি মতো পছন্দসই স্লট পাননি তিনি বলে অভিযোগ। হৃত্বিক রোশন সেই জিম সংস্থার বিজ্ঞাপনের প্রচ্ছদ হওয়ায় তার মতো আরও অনেকেই এই অফারে প্রভাবিত হন।বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।