কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ বুধবার ভোরে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধে গ্যাব্রিয়েল জেসুসের গোলে ১-০-তে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে রবার্তো ফিরমিনোর গোলে ২-০-তে জয় পায় স্বাগতিকেরা। ম্যাচটি নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। শেষমেশ ব্রাজিল সমর্থকদের মুখে হাসি। আর আরেকবার হতাশায় ডুবল আর্জেন্টিনার সমর্থকেরা।
কোপা আমেরিকার নকআউট পর্বে এ নিয়ে পাঁচবারের লড়াইয়ে প্রতিবার ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। ১৯৯১ সালে সবশেষ কোপায় ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।
কোপা আমেরিকার গত দুই আসরের রানার্স-আপ আর্জেন্টিনা এবার বিদায় নিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই। তবে শেষে রেফারিদের বিরুদ্ধে বোমা ফাটালেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি ম্যাচ রেফারি রোডি জামব্রানোর সমালোচনা করে সাংবাদিকদের বলেন, এটা হতাশ হওয়ায় মতো বিষয়। ম্যাচে এমন সব সিদ্ধান্ত নেয়া হয়েছে যা আমাদের বিপক্ষে গেছে। আমরা এ কারণেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি। আমরা প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ, আমরা ভালো একটি ম্যাচ খেলেছি এবং নিজেদের সেরাটা দিয়েছিলাম। তার (রেফারি) সিদ্ধান্তগুলোর ওপর আমাদের কোনো শ্রদ্ধা নেই।
তিনি আরো বলেন, তিনি (রোডি) মোটেও নিরপেক্ষ ছিলেন না। আর রেফারিরা এই কোপা আমেরিকায় এমন অনেক আবোলতাবোল সিদ্ধান্ত দিয়েছেন! অথচ তাদের হাতে ভিএআরের সাহায্য নেয়ার সুযোগ ছিল। কিন্তু সেদিকে তারা ভ্রূক্ষেপও করেননি।
