ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এফটিসি এ বিষয়টি তদন্ত করছে। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, তারা ক্যামব্রিজ অ্যানালিটিকার হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে।
প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে এফটিসির সদস্যদের মধ্যে ৩-২ ভোটের মাধ্যমে ফেসবুকের বিরুদ্ধে এ বিশাল এবং রেকর্ড পরিমাণ জরিমানার বিষয়টি অনুমোদন দেয়া হয়। অবশ্য ফেসবুক এবং এফটিসি উভয়ই ওই প্রতিবেদন নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ব্রিটিশ পলিটিক্যাল কনসালট্যান্সি ফার্ম ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ৮ কোটি ৭০ লাখ ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য থাকার বিষয়ে গত বছরের মার্চে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু করে এফটিসি।
২০১১ সালের একটি চুক্তির শর্ত ভঙ্গ হওয়ার কারণেই তদন্তের কাজ শুরু করে তারা। ওই চুক্তি অনুযায়ী কোনো ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নেয়ার ক্ষেত্রে তাদের বিষয়টি স্পষ্ট করে জানাতে হবে, যদি তারা সম্মতি দেয় তাহলেই শুধু তাদের তথ্য শেয়ার করা যাবে। আর সেটা না করা হলে তা হবে বেআইনি।
