চলতি বছরে ২২০টি অত্যাধুনিক যাত্রীবাহী কোচ দেশে আসবে, বলেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন । এসব কোচ দিয়ে চলতি বছরে ৫টি ও ২০২০ সালের জুনের মধ্যে ৭টি নতুন ট্রেন চালু করা হবে। ইতোমধ্যে ৩টি নতুন ব্রডগেজ ট্রেন চালু হয়েছে।

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। নতুন ট্রেন চালুর ক্ষেত্রে ইঞ্জিন সংকটকে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেন রেলমন্ত্রী। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের কারণে চলমান ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ে পড়ায় ভারত থেকে ২০টি ইঞ্জিন ভাড়ায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। রেলমন্ত্রণালয়ে নিজেকে নতুন দাবি করে মন্ত্রী বলেন, রেলওয়ের হারানো সুনাম আবারও ফিরিয়ে আনতে পুরো রেল বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য বিশেষ অ্যাপ চালুও রেলওয়ের ডিজিটাল সেবার অংশ। ঈদুল আজহার প্রস্তুতি সম্পর্কে রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে ১০০টি ট্রেন মেরামত করা হয়েছে।

ঈদ উপলক্ষে চালু করা ৮টি নতুন বিশেষ ট্রেন সার্ভিসে ১ হাজার ৪০০ জন অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব হবে। মোবাইল অ্যাপসে বিক্রি হবে ৫০ শতাংশ টিকিট। অ্যাপসে ভোর ৬টা থেকে ও কাউন্টারে সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। শিডিউল বিপর্যয়ের কথা মাথায় রেখে ঈদের আগেই রংপুর রুটে নতুন একটি ট্রেন যুক্ত করা হবে বলেও জানান তিনি ।