আজ রবিবার বিকালে একটি সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আবাসিক খাতে দুই চুলার খরচ ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা আর এক চুলার খরচ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি সূত্র জানায়, সব শ্রেণির গ্যাসের দাম গড়ে ৬৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো। গৃহস্থালিতে ব্যবহৃত দুই চুলার গ্যাসের বিদ্যমান দাম ৮৫০ থেকে এক হাজার ২০০ টাকা নির্ধারণ করতে চায় তারা। সিএনজির দাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি হতে পারে।

প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৭ দশমিক ৩৮ টাকা থেকে ২ দশমিক ৪২ টাকা বাড়িয়ে ৯ দশমিক ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সিএনজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং বিদ্যুৎ ও সারের জন্য ৪ দশমিক ৪৫ টাকা।

অন্যদিকে, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার থেকেই গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)। 

ভর্তুকিবিহীন সিলিন্ডার প্রতি ১০১ রুপি কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বর্তমান দাম ৭৬৩ রুপি ৫০ পয়সা। তা কমে হতে চলেছে ৬৬২ রুপি ৫০ পয়সা। ১৯ কেজি নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ রুপি ৫০ পয়সা কমিয়েছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি। এর ফলে নতুন দাম হয়েছে ১১৮৮ রূপি ৫০ পয়সা। 

এই সব দামই সোমবার থেকে কার্যকর করবে আইওসি।