শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা। এর আগে পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ আটের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল।

এদিকে আর্জেন্টিনা ভেনিজুয়েলার ম্যাচে বল দখলে পিছিয়েই ছিল নীল-সাদা জার্সির দল। তবে বল পায়ে এলেই ভেনেজুয়েলার গোলবারের দিকে বল ছুড়তে কার্পণ্য করেনি আগুয়েরোরা। ম্যাচে গোলবারকে লক্ষ্য করে আর্জেন্টিনা ৭টি শট নিলেও বিপরীতে ভেনেজুয়েলা নিয়েছে মাত্র একটি। আর সেই একটিও কাজে লাগেনি। মাঝ মাঠে ভাল খেললেও গোলের খেলায় হেরেছে ভেনিজুয়েলা।

আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড লুতারো মার্তিনেস। খেলার দশ মিনিটের মাথায় কর্নার পায় অর্জেন্টিনা। মেসির নেওয়া কর্নার কিক ভেনিজুয়েলার ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান আগুয়েরো। তার শটে পায়ের পেছন দিক দিয়ে ফ্লিকে জালে পাঠান মার্তিনেস।

খেলার ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জিওভানি লো সেলসো। ডি-বক্সের বাইরে থেকে আগুয়েরোর শট ঠেকাতে গিয়ে বল হাতছাড়া হয় ভেনেজুয়েলা গোলরক্ষকের। আর ক্ষিপ্রগতিতে সে বল ফাঁকা জালে তা পাঠিয়েদেন বদলি খেলোয়াড় মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

আগামী বুধবার বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসিরা।