সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)। বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন মুকুল অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ওসি  জানান,  স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধ মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।