ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ১ লাখ টাকা ও আহতদের প্রত্যেক কে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়ার সময় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, আহতদের চিকিৎসায় যেন কোনো রকম অবহেলা করা না হয়। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই রাখা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেল বিভাগ। ২০১১ সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। সারা দেশেই মিটারগেজ রেললাইনগুলো ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই লাইনগুলো যতক্ষণ পর্যন্ত ভালো অবস্থায় নেয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সময় তো লাগবেই।
তিনি আরও বলেন, ঢাকা-সিলেট রেলপথে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত করতে ইতিমধ্যে ১৬ হাজার ১৪৪ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি অনুমোদন করেছে। দ্রুত তা বাস্তবায়নে কাজ চলছে। এই প্রকল্পের অধীনে এই রুটে আরও ১৬টি নতুন রেলস্টেশন নির্মাণ হবে এবং সিলেট রেলস্টেশনকে আরও আধুনিকভাবে নির্মাণ করা হবে।
সবশেষে ভয়াবহ রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে কারও গাফিলতি কিংবা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
